পিঠার নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া যাবে না। পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। যদিও শহুরে সংস্কৃতিতে পিঠার অবস্থান খুব নগণ্য। আর এখন তো বার্গার, পিত্জার জোয়ারে হারিয়ে গেছে পিঠা। কিন্তু তার পরও শীত এলেই পিঠার স্মৃতি মনের ভেতরে নাড়া দিয়ে যায় না এমন বাঙালি পাওয়া যাবে না। তাদের জন্যই নগরে শুরু হলো পিঠা উত্সব। গতকাল রবিবার জাতীয় পিঠা উত্সব উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠে শুরু হলো ১০ দিনব্যাপী ‘জাতীয় পিঠা উত্সব’। এ উত্সব চলবে ৩ মার্চ পর্যন্ত। বিকালে একাডেমির উন্মুক্ত মঞ্চে উত্সবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় উপস্থিত ছিলেন মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, জাতীয় পিঠা উত্সব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদ, সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।