উত্তরায় বাসচাপায় দুই তরুণ, কালিয়াকৈরে বাস উলটে মা-মেয়ে নিহত

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের পাশে বাস চাপায় রাসেল (২৪) ও ফারাদ (২২) নামে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, বাসটি জব্দ এবং বাসের চালক রবিউল ও হেলপার আব্দুস সালামকে আটক করা হয়েছে। নিহত রাসেল ও ফারাদের বাসা মানিকদি এলাকায়। তারা দুই বন্ধু। ফারাদ একটি ফার্মেসি দোকানের কর্মচারি এবং রাসেল বেকার ছিলেন।

কালিয়াকৈরে বাস উলটে মা-মেয়ে নিহত

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নুরবাগ এলাকায় রবিবার ভোরে বাস উলটে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩২) ও তার নয় মাস বয়সী শিশু কন্যা আরবি আক্তার ।

গুলিস্তানে বাসের ধাক্কায় ঠিকাদারের মৃত্যু

গতকাল দুপুর সাড়ে ১২টার গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে বাসের ধাক্কায় মাহবুবুর রহমান (৫৬) নামে এক ঠিকাদার আহত হন। গুরুতর অবস্থায় পথচারিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে তিনি মারা যান। শাহবাগ থানার এসআই খায়রুল ইসলাম জানান, বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

কুর্মিটোলায় ফুটপাতে গাড়ি চাপা দিল ১৪ জনকে

গতকাল রবিবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেট কারের চাপায় পাঁচ জন নারী ও তিন শিশুসহ মোট ১৪ জন পথচারী জখম হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেটকার এবং এর চালককে আটক করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বিবিসিকে জানিয়েছেন, দুপুর পৌনে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।