পূর্ব শত্রুতার জের হাতিরঝিলে কিশোর খুন, আহত ১

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় পুর্ব শত্রুতার জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই বন্ধুরা। নিহত ওই কিশোরের নাম রাকিব হোসেন শিপন (১৭)। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। একই সময়ে আব্দুর রহমান মানিক নামে অপর এক কিশোরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত মানিক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।

নিহত শিপনের মা শেফালি বেগম জানান, বছর দেড়েক আগে শিপনের সঙ্গে তার বন্ধুদের দ্বন্দ্ব শুরু হয়। তবে কী কারণে দ্বন্দ্ব হয় সেটা তিনি জানেন না। ওই দ্বন্দ্বের জেরে শিপনের বন্ধুরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

নিহত শিপনের বাবা সাইদুল ইসলাম একজন অটোরিকশা চালক। তাদের বাসা মগবাজার মধুবাগের তিন নম্বর গলিতে। গ্রামের বাড়ি নীলফামারি। আহত মানিক মোটরসাইকেল গ্যারেজে কাজ করে। বাসা মগবাজার বাগানবাড়ি এলাকায়। আহত মানিক হাসপাতালে সাংবাদিকদের জানায়, হামলাকারীদের সঙ্গে তার কোনো শত্রুতা নেই। শিপনের সঙ্গে থাকায় তার ওপরও হামলা চালানো হয়েছে।