প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েনের ফলে সারা দেশে ভোটারদের মধ্যে ভোটের আস্থা ফিরে আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সংযত রাখতেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। কে এম নূরুল হুদা বলেন, মাঠে সেনাবাহিনী রয়েছে তারা নিয়মশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে। আমি মনে করি যে, অল্প কিছু অরাজকতা ছিল তা এখন দূর হবে।
সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে যেকোনো ধরনের ভূমিকা পালন করতে পারবে বলেও জানান সিইসি। তিনি বলেন, এই বিষয়ে আইন আছে, ‘এইড টু সিভিল পাওয়ার ল’ অনুসারে তারা কাজ করবে। আগামী ২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা করার অনুমতির বিষয়ে জানতে চাইলে সিইসি সাংবাদিকদের জানান, এ বিষয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, কোনো থ্রেট, আশঙ্কা আছে কি না, এটা ডিএমপি দেখবে।