মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতে। তার সঙ্গে আছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। ভারতে এসে স্ত্রীকে নিয়ে চরকা কাটেন তিনি।
সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে গুজরাটের আমেদাবাদে পা রাখেন ট্রাম্প। বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জ্যারেড কুশনারও একই সঙ্গে সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
এরপর আমেদাবাদে গান্ধীজীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রম পরিদর্শনে যান ট্রাম্প, তার সঙ্গে ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।
আশ্রমের ভিতর জুতো পরে ঢোকার অনুমতি নেই। তাই আশ্রমের বারান্দায় ওঠার আগে জুতো খুলেন মার্কিন প্রেসিডেন্ট। আর হিল জুতো খুলে মোজা পরেন মেলানিয়া। তারপর বারান্দায় ওঠেন তারা।
বারান্দার এক কোণে রাখা চরকার সামনে ট্রাম্প দম্পতিকে নিয়ে আসেন মোদি। এরপর তাদের চরকার তাৎপর্য ব্যাখ্যা করেন মোদি। পরে ডেকে নেন এক আশ্রমিককে। তিনি ট্রাম্প দম্পতিকে চরকা কীভাবে কাটে বুঝিয়ে দেন।
#WATCH US President Donald Trump and First Lady Melania Trump spin the Charkha at Sabarmati Ashram. PM Modi also present. #TrumpInIndia pic.twitter.com/TdmCwzU203
— ANI (@ANI) February 24, 2020
সব মিলিয়ে সাবরমতী আশ্রমে ১৫ থেকে ২০ মিনিট কাটান ট্রাম্প ও মেলানিয়া। চরকা কাটার পর নরেন্দ্র মোদির সঙ্গে আশ্রমের বারান্দায় বসে ছবিও তোলেন তারা।
ডোনাল্ড ট্রাম্প সবরমতী আশ্রমে দর্শনার্থীদের মন্তব্য লেখার খাতায় লিখেন, ‘প্রিয় বন্ধু মোদিকে আমি এই অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।’
আশ্রমে দর্শনার্থীদের মন্তব্য লেখার খাতায় লিখেন ট্রাম্প-মেলানিয়া। ছবি: সংগৃহীত
ইত্তেফাক/জেডএইচ