জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার শূন্য পাস করা বিদ্যালয়ের সংখ্যা কমেছে। চলতি বছরের ফলাফলে দেখা গেছে, ৪ হাজার ৭৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। আর ৪৩টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। এবার সম্মিলিতভাবে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার থেকে এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ১৮ শতাংশ পয়েন্ট। গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
কমেছে শতভাগ পাস-ফেল
শতভাগ পাস ও ফেল দুটোই কমেছে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায়। এ বছর স্কুল ও মাদরাসায় শতভাগ পাস করেছে ৪ হাজার ৭৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান, অপরদিকে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। গত বছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ হাজার ২৭৯টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৯টি। অর্থাত্ এ বছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১ হাজার ৫১০টি এবং শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৬টি। এবার ২৯ হাজার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে পাসের হার জেএসসিতে ৮৫ দশমিক ২৮ ও জেডিসিতে ৮৯ দশমিক ০৪ শতাংশ।
বিদেশ কেন্দ্রে পাস ৯৭.৯৭ শতাংশ
জেএসসি পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৭ দশমিক ৯৭ শতাংশ। বিদেশের কেন্দ্রগুলোতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪১ জন। এদের মধ্যে পাস করেছে ৫৩০ জন। বিদেশের ৯টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। গত বছরের চেয়ে এবছর বিদেশি কেন্দ্রে পাসের হার বেড়েছে কিন্তু জিপিএ-৫ কমেছে। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৮৩ জন পরীক্ষার্থী। বিদেশ কেন্দ্রে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা
জেএসসি-জেডিসির ফলাফলে বরাবরের মতো এবারও সব শিক্ষা বোর্ডেই জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন বা ৮৫ দশমিক ৮৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। এর মধ্যে ছাত্রী ৩৯ হাজার ৯০৫ জন এবং ছাত্র ২৮ হাজার ১৯০ জন। আট সাধারণ শিক্ষা বোর্ডের মতো মাদরাসা বোর্ডেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। মাদরাসা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৮৭ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রী ১ হাজার ২৯ এবং ছাত্র ৯৫৮ জন।