বছর ঘুরে ‘আভাস’-এর ‘বাস্তব’

g বিনোদন রিপোর্ট

 

নতুন ব্যান্ড ‘আভাস’ নিয়ে প্রশংসার সঙ্গে পথ চলছেন তানযীর তুহিন। প্রথম গানের সাড়া কিছুটা কম হলেও দ্বিতীয় গান দিয়ে আবারো পুরোনো তুহিনকে ফিরে পেয়েছেন তার ভক্তরা। এবার এলো এই ব্যান্ডের তৃতীয় গান ‘বাস্তব’।

শহরের বাস্তবতার গল্প নিয়ে তৈরি করা গানটির কথা ও সুর করেছেন তুহীন। ভিডিওটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। ‘আভাস’-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে সম্প্রতি। মাঝে প্রায় ১ বছরের বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে ফিরলো ব্যান্ডটি।

নতুন গান প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল ও কর্ণধার তানযীর তুহিন বলেন, ‘আমাদের পথচলাটা বেশি দিনের নয়। এরমধ্যে শ্রোতাদের যেই ভালোবাসা পেয়েছি তার অনুপ্রেরণা জুগিয়েছে অনেক। কৃতজ্ঞ সবার প্রতি। আভাস সবসময়ই যাপিত জীবনের বাস্তবতা নিয়ে গান করার চেষ্টা করে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আগের গানগুলোর মতোই ‘বাস্তব’ গানটিও নাগরিক আমেজ দেবে শ্রোতাদের। এখানে শহরের নানা ধরনের জীবন ও চিত্রের বাস্তবতা উঠে এসেছে।’ এখনকর গান ও ব্যান্ডের পরিকল্পনা নিয়ে তুহিন আরো বলেন, ‘সময়ের সঙ্গে শ্রোতারও পরিবর্তন হয়। তা মাথায় নিয়েই কাজ করছেন সঙ্গীতশিল্পীরা। আর আমদের পরিকল্পনা গান করে যাওয়া। যেহেতু মাত্র নতুন গান প্রকাশ হলো আপাতত এটি নিয়ে ও পাশাপাশি স্টেজ নিয়ে চলছে ব্যান্ডের ব্যস্ততা।’