‘তিন বছর ধরে শেখ ইসতিয়াকের গানের আর্কাইভ করেছি’

পূনম প্রিয়ম। চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার ও উপস্থাপক। দীর্ঘদিন ধরে ‘রূপান্তর’ শিরোনামে একটি অনুষ্ঠান করছেন তিনি। পূনমের আরো একটি পরিচয় রয়েছে। ৮০-৯০ দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শেখ ইসতিয়াকের স্ত্রী তিনি। ক্যারিয়ারে নিজের ব্যস্ততার পাশাপাশি তরুণদের মাঝে স্বামীর গানকেও ছড়িয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি বিনোদন প্রতিদিনের সঙ্গে সাক্ষাত্কারে এসব বিষয় নিয়ে কথা বললেন তিনি। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ স্থানীয় একটি চ্যানেলে অনুষ্ঠান প্রযোজনা করছেন। এখনকার অনুষ্ঠানগুলো নিয়ে শুরুতে জানতে চাই—

আমি দীর্ঘদিন ধরে ‘রূপান্তর’ নামে একটি অনুষ্ঠান করছি। সেটি ৭৫০ পর্ব শেষ হলো। এটি প্রতি রবিবার প্রচার হয়। এছাড়া এখন তো বিশেষ দিবসের সময় চলছে। কিছুদিন আগে ভালোবাসা দিবস, ভাষা দিবস গেলো। সেগুলোর বিশেষ অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা ছিল। সামনে স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ নিয়ে এখন পরিকল্পনা চলছে।

 

দেশের চ্যানেলগুলোতে অনুষ্ঠানের ভিন্নতা কমছে এবং সংখ্যাটাও। এর কারণ কী মনে করেন?

আসলে এখন নাটকের দর্শক বেশি। চ্যানেলগুলোও নাটক নির্ভর হয়ে গেছে। এছাড়া অনুষ্ঠানের জন্য পৃষ্ঠপোষকতা একটা সমস্যা। তবে চ্যানেল আই সেই জায়গা থেকে অনেকটাই ভিন্ন। সারাবছর বিভিন্ন অনুষ্ঠান আযোজনের মধ্য দিয়ে থাকে চ্যানেল আই।

দেশের জনপ্রিয় প্রয়াত সঙ্গীতশিল্পী শেখ ইসতিয়াক আপনার স্বামী। তার গানগুলো আর্কাইভের কোনো পরিকল্পনা করেছেন কিনা?

পরিকল্পনা ও বাস্তাবয়ন, দুটোই করা হয়েছে। চ্যানেল আইয়ে যখন আমি যোগ দিই। এর কয়েকবছর পর ফরিদুর রেজা সাগর ভাইকে আমি বলি ইসতিয়াকের গান নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য। সাগর ভাই সেই সাপোর্ট আমাকে দিয়েছে। সেই অনুষ্ঠানে ইসতিয়াকের গান প্রচার হতো এবং তার কাছের শিল্পীরা এসে তাকে নিয়ে স্মৃতি কথা বলতেন। তিন বছর ধরে শেষ ইসতিয়াকের গানের আর্কাইভ করেছি।

 

তরুণদের মাঝে শেখ ইশতিয়াকের জনপ্রিয়তা কেমন দেখেন?

বেশ জনপ্রিয়তা দেখি। তরুণদের মুখে ‘নীলাঞ্জনা’ গানটি শুনলে বেশ ভালো লাগে। ইসতিয়াকের অনেক গান তরুণরা গায় কিন্তু হয়তো অনেকেই তার নাম জানেন না।