সিরাজগঞ্জের এনায়েতপুরে পুকুর থেকে মামুন সরকার (৩০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামার গ্রাম পশ্চিম পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামুন এনায়েতপুরের খামার গ্রামের শাহাব আলী সরকারের ছেলে।
মামুনের ভাই মুকুল সরকার জানান, কিছু দিন আগে বাড়ী থেকে বেরিয়ে যায় মামুন। আর বাড়ী ফিরে আসেনি। গত রাতে বাড়ীর পাশে একটি পুকুরে কচুরি পানার ভেতর তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, মামুন সরকার নেশাগ্রস্ত ছিলো। নেশা করে সারাদিন পড়ে থাকতো। স্থানীয়রা পুকুরের মধ্যে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ