ওয়ালটন টিভির নিজস্ব অপারেটিং সিস্টেম ‘আরওএস’

দেশের টেলিভিশন উত্পাদন খাতে যুগান্তকারী এক উদ্ভাবন নিয়ে এসেছে ওয়ালটন। তাদের টিভিতে সংযোজন করেছে নিজস্ব অপারেটিং সিস্টেম। যার নাম দেয়া হয়েছে আরওএস (রেজভি অপারেটিং সিস্টেম)।

আগামি ১ মার্চ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় আনুষ্ঠানিকভাবে ‘আরওএস’ উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফা নাহিদ হোসেন জানান, আরওএস টেলিভিশনের একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম। দেশের মানুষের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী এটি তৈরি করা হয়েছে। এর ফলে টিভিতে আরো দ্রুত কমান্ড দেয়া যাবে। এক চ্যানেল থেকে অন্য চ্যানেল পরিবর্তনে আগের চেয়ে কম সময় লাগবে। পাশাপাশি টিভির ছবি হবে আরো জীবন্ত ও প্রাণবন্ত। শব্দের মান হবে উন্নত এবং আগের চেয়ে জোড়ালো।