সরাসরি সাক্ষাতের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ বিসিসি মেয়রের

বরিশাল অফিস

সরাসরি সাক্ষাতের মাধ্যমে নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিটি করপোরেশনের এনেক্স ভবনস্থ সম্মেলন কক্ষে মেয়র নাগরিকদের বিভিন্ন ধরনের সমস্যার কথা শোনেন এবং তাত্ক্ষণিকভাবে তা সমাধানের ব্যবস্থা করেন।

বিসিসি সূত্রে জানা গেছে, পানির লাইনের আবেদনের ক্ষেত্রে জটিলতা, পানির লাইন থাকা সত্বেও পানি না পাওয়া, লাইন না থাকলেও নিয়মিত বিল প্রদান করাসহ বিভিন্ন সমস্যার সমাধান দেন তিনি। নাগরিক সেবা নিতে আসা নগরবাসীদের বিসিসির কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিসহ অন্য কোনো মহল দ্বারা যেন কোনো রকমের হয়রানির শিকার হতে না হয় সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিসির ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলররা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিটি মেয়র প্রতি রবিবারসহ সপ্তাহে দুই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ নাগরিকবৃন্দের সঙ্গে তাদের সমস্যা সমাধান করবেন।