রাসিকের করখেলাপি ১৯ হাজার পাওনা ১২ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বকেয়া কর ১২ কোটি ১০ লাখ ১৬ হাজার ১৯৬ টাকা। এর মধ্যে ১২১টি সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা কর ৮ কোটি ২৫ লাখ ৯৯ হাজার ১৯০ টাকা। এবং ১৮ হাজার ২০২ বাড়ির মালিকের কাছে বকেয়া হোল্ডিং কর ৩ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ৬ টাকা। একই সঙ্গে রাসিকের কর খেলাপি রয়েছেন ১৯ হাজার। এদিকে, বকেয়া কর আদায়ে রাসিকের রাজস্ব বিভাগ ব্যবস্থা নিতে যাচ্ছে।

রাসিকের রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাইদ বলেন, বকেয়া কর ১২ কোটি ১০ লাখ ১৬ হাজার ১৯৬ টাকা। রাসিকের কর খেলাপি রয়েছেন ১৯ হাজার। কর খেলাপিদের চিহ্নিত করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। ট্যাক্স না দিলে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিগগির খেলাপি কর আদায়ে অভিযান শুরু হবে। 

সূত্র মতে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে পাওনা ২ কোটি টাকা, টেক্সটাইল মিলের কাছে ২ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ৮৭৬ টাকা, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে ১ কোটি ৩ লাখ ৮০ হাজার ৬৯০ টাকা, রাজশাহী জেলা স্টেডিয়ামের কাছে ৯৮ লাখ ৯১ হাজার ৬৯৮ টাকা, শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের কাছে ৪৮ লাখ ২০ হাজার ৪০০ টাকা ও শিল্পকলা একাডেমির কাছে ৪৬ লাখ ৮ হাজার ২৩৯ টাকা পাওনা রয়েছে।