সিলেটে মোহামেডান ঢাকায় জিতল পুলিশ

স্পোর্টস রিপোর্টার

সিলেটে শেখ রাসেলের নিজেদের ভেন্যু ছিল লাকি ভেন্যু। সেই ভেন্যুতে এখন শেখ রাসেল ম্যাচ জিততে পারছে না। ড্রয়ের পর এবার হারের মুখ দেখল শেখ রাসেল ক্রীড়া চক্র। মোহামেডান ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে। দারুণ খেলেছে মোহামেডান। গোল করে এগিয়ে থাকা মোহামেডানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু। কিন্তু মোহামেডানের ইংলিশ কোচ সেনলিন তার সুন্দর পরিকল্পনায় ম্যাচটা তুলে এনেছেন। মোহামেডান তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে সুবিধাজনক স্থানে উঠে গেল। প্রথম খেলায় মোহামেডান হারিয়েছিল আরামবাগকে। পরের খেলায় সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরেছিল মোহামেডান।

আশঙ্কা ছিল সিলেট হতে হার নিয়েই ফিরবে মোহামেডান। অনলাইনে ঢাকায় বসে যারা খেলাটা দেখেছেন তারা সন্তুষ্ট। মোহামেডান আক্রমণের প্রথম ধাপেই সুযোগ কাজে লাগিয়েছে। শেখ রাসেলের রক্ষণ ভাগের ফাটলের সুযোগগুলো কাজে লাগিয়ে গোল আদায় করে। শেখ রাসেল কর্নার ঠেকিয়ে পালটা আক্রমণে খেলার ৬ মিনিটে গোল আদায় করে মোহামেডান। মালীর ফরোয়ার্ড সোলেমান দিবাতে মাঝমাঠ থেকে দৌড়ে গিয়ে গোলকিপারকে কাটিয়ে গোল করেন ১-০। শেখ রাসেলের ডিফেন্ডাররা পেছনে পেছনে দৌড়ালেন। কিন্তু বাধা দিয়ে থামাতে পারলেন না। প্রথমার্ধের বাঁশির আগেই শেখ রাসেল গোল শোধ করে। তিমুর লেসেথের সুযোগ সন্ধানী ফরোয়ার্ড পেড্রো গোল করে শেখ রাসেলকে খেলায় ফিরিয়ে আনলেও (১-১) খেলার শেষ ভাগে আবার সেই ডিফেন্ডারদের দুর্বলতায় গোল হজম করে শেখ রাসেল। ৮৬ মিনিটে মোহামেডানের শাহেদের গোল মূল্যবান জয় এনে দেয় ২-১। শেখ রাসেল ব্রাদার্স এবং রহমতগঞ্জের বিপক্ষেও ড্র করেছে। 

মেসি স্টাইলে গোল বুলগেরিয়ান স্ট্রাইকারের

ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনার লিওনেল মেসি যেভাবে ফ্রিকিক থেকে দর্শনীয় গোল করেন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুলিশের বুলগেরিয়ান স্ট্রাইকার লাসকোভ অ্যান্থনিওর অসাধারণ ফ্রি কিক সরাসরি প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাবের জালে জড়িয়ে যায়। এই গোলের আগেই ৩১ মিনিটে পুলিশ প্রথম গোল করে এগিয়ে ছিল, মার্কিন ফুটবলার রিভেরা সিডনি গোল করেন।  পুলিশ ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা পুলিশ দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই গোল হজম করে। ৪৭ মিনিটে উত্তর বারিধারার গাম্বিয়ান ল্যান্ডিংয়ের ক্রসের বলে আরিফ হোসেন গোল করেন ১-২। এই গোলে ভয় পেয়ে গিয়েছিল পুলিশ। দুর্ভাগ্য জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদের বারিধারা সুযোগ কাজে লাগাতে পারেনি।   

আজকের খেলা

বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন (৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।