ফের কারাগারে গেলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল সোমবার একটি দুর্নীতি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং আড়াই কোটি ডলার জরিমানা করা হয়। আরেক মামলায় তাকে খালাস দিয়েছে দেশটির এক আদালত। সরকারি দায়িত্বে তার বিরুদ্ধে দশ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার সম্পত্তি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে। নওয়াজ শরিফ এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রোণোদিত বলে উল্লেখ করেছেন। খবর ডনের
ইসলামাবাদের দুর্নীতিবিরোধী আদালত আল আজিজিয়া স্টিল মিলস করপোরেশনের দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড এবং ২৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়। জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (এনএবি) প্রসিকিউটর সর্দার মুজাফফর আব্বাসি এই তথ্য জানিয়ে বলেন, দশ বছর নওয়াজ শরিফ কোনো সরকারি দায়িত্ব পালনে অযোগ্য বলে বিবেচিত হবেন। সাত বছর দণ্ড ভোগ করার পর দশ বছর কার্যকর হওয়া শুরু হবে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে নওয়াজের আইনজীবী জানিয়েছেন।