চাতলপাড় ডিগ্রি কলেজে শহিদ মিনার প্রয়োজন

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলাধীন চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ডিগ্রি কলেজে শহিদ মিনার নেই। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। কলেজ প্রাঙ্গণে এখনো পর্যন্ত কোনো শহিদ মিনার না থাকায় জনমনে নানা প্রশ্ন। একুশে ফেব্রুয়ারিতে অস্থায়ীভাবে কাপড় দিয়ে শহিদ মিনার বানিয়ে তাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দীর্ঘ ২৫ বছরেও একটা কলেজে নিজস্ব শহিদ মিনার নেই, বিষয়টি ভাবতেই অবাক লাগে। একুশের একটি স্মারক সব শিক্ষাপ্রতিষ্ঠানেই থাকা উচিত। বিষয়টি বিশেষ বিবেচনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শেখ আবুল খায়ের আনছারী

চাতলপাড়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া