এতদিন সাভার ও গাজীপুরকেন্দ্রিক কিছু গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ চলে আসলেও সেসব এলাকা এখন দৃশ্যত শান্ত। কিন্তু নতুন করে গতকাল রাজধানীর পল্লবী ও মিরপুর-১২ এলাকার গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কিছু শ্রমিক হঠাত্ করে কাজ বন্ধ করে রাস্তায় নেমে পড়ে। এরপর কিছু কারখানায় ভাংচুরও চালায়।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি এস এম মান্নান কচি ইত্তেফাককে বলেন, সবমিলিয়ে প্রায় ৩০টি কারখানায় এ অসন্তোষ ছড়িয়ে পড়ে। শ্রমিকরা কিছু কারখানায় ইটপাটকেলও নিক্ষেপ করে। এতে পুরো এলাকার গার্মেন্টসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর জেরে ওই এলাকার বেশকিছু কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়। তবে আজ মঙ্গলবার থেকে কারখানায় যথারীতি কাজ চলবে বলে আমরা মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বসে সিদ্ধান্ত নিয়েছি।
অবশ্য আন্দোলনকারীরা শ্রমিক নয় বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। ইত্তেফাককে তিনি বলেন, বাইরের একদল মানুষ গন্ডগোল করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। পরবর্তীতে চার পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অসন্তোষ সৃষ্টিকারীদের সঙ্গে নেই শ্রমিক নেতারা
এদিকে পরিস্থিতি নিয়ে গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অসন্তোষের সঙ্গে জড়িত শ্রমিকদের শৃঙ্খলার সঙ্গে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। কোন দাবি থাকলে তা নির্বাচনের পরে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে তাদের (অসন্তোষ সৃষ্টিকারী) পক্ষ নেওয়া হবে না বলে জানান শ্রমিক নেতারা। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন লিখিত বক্তব্য পড়ে শোনান।