ইত্তেফাক রিপোর্ট
২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তির ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। আজ বিকেলে গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। গত ৩১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে পাশ করে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পাবে ৩৩ হাজার ৩০০ শিক্ষার্থী। সাধারণ কোটায় বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার। মেধা কোটায় বৃত্তিপ্রাপ্তরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ৩০০ টাকা এবং আর সাধারণ কোটায় ২২৫ টাকা করে বৃত্তির অর্থ পাবে।
সাধারণ কোটায় ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছয়টি করে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে তিন জন ছাত্রী ও তিন জন ছাত্র। এছাড়া ওয়ার্ড পর্যায়ে বৃত্তি প্রদানের পর অবশিষ্ট বৃত্তি থেকে প্রতিটি উপজেলায় বা থানায় দুই জন ছাত্র ও দুই জন ছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। প্রতি বিভাগের শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে তিনটি করে ২৪টি সাধারণ বৃত্তি প্রদানের পর চারটি সাধারণ বৃত্তি সংরক্ষণ করা হবে।