পানছড়িতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে গুলি, নিহত ২

খাগড়াছড়ির পানছড়ির পুজগাং বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের গুলিতে দুই জন নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষে দুই বিএনপি প্রার্থীসহ আহত হয়েছে শতাধিক। আহত দুই প্রার্থী হলেন: লক্ষ্মীপুর-৩ এর বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও শরীয়তপুর-৩ এর প্রার্থী মিয়া নূরুদ্দিন অপু। অপুকে এয়ার এম্বুলেন্সে আনা হয়েছে ঢাকায়। অপরদিকে বিভিন্ন মামলায় জামালপুরের ইসলামপুর উপজেলা চেয়ারম্যানসহ ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।  ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

খাগড়াছড়ি ও পানছড়ি: আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নীরন চাকমা হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইউপিডিএফের স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিস ভাঙচুর ও পুড়িয়ে দিয়ে যাওয়ার সময় নিচের বাজারের নির্বাচনী অফিসে ব্রাশফায়ার করলে দুইজন নিহত হন। নিহত দু’জনের মধ্যে একজন লোগাংয়ের বাসিন্দা চা দোকানদার চীক্য চাকমা ও অপরজন স্থানীয় নির্মাণ শ্রমিক চট্টগ্রামের বাসিন্দা মো. সোহেল রানা। এদিকে জেএসএসের পক্ষ থেকে ঘটনার দায় অস্বীকার করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলি হয়েছে বলে পানছড়ি   থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) মো. নূরুল আলম জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

লক্ষ্মীপুর: গতকাল সদর উপজেলার শান্তিরহাট বাজারে গণসংযোগে হামলায় বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, তিন সাংবাদিকসহ বিএনপি ও আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে। এ ঘটনায় এ এস আই আবদুর রাজ্জাক ও এক কনস্টেবলও আহত হন। তবে হামলার কথা অস্বীকার করেছে আওয়ামী লীগ।

গোসাইরহাট (শরীয়তপুর): শরীয়তপুর-৩ আসনের গোসাইরহাটে সংঘর্ষে বিএনপি প্রার্থী মিয়া নূরুদ্দিন অপুসহ উভয় গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়েছে। অপুকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। গতকাল জামপুর ইউনিয়নে এ ঘটনায় ১৫ জন বিএনপি কর্মী আহত হন।

চাঁদপুর: চাঁদপুর-৩ আসনে বিএনপির নির্বাচনী চিফ এজেন্ট ও দলটির জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিমকে পুলিশ আটক করার পর বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হয়েছে।

শেরপুর (বগুড়া): শেরপুরে হাপুনিয়া বটতলায় বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে গতকাল হামলা হয়েছে। হামলাকারীরা ৪/৫টি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

জামালপুর: ইসলামপুরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানীসহ চারজনকে  গ্রেফতার করেছে পুলিশ।

বরিশাল: বানারীপাড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলি বর্ষণের প্রায় ১৬ জন নেতা-কর্মী আহত হয়েছে। তবে বিএনপি দাবি করছে তাদের ওপর আওয়ামী লীগের অতর্কিত হামলায় প্রার্থী সারফুদ্দিন সান্টুসহ পাঁচজন আহত হয়েছে।

সেনবাগ (নোয়াখালী): গত রবিবার রাতে আওয়ামী লীগ প্রার্থীর দুইটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এদিকে নেত্রকোনায় এক ইউপি চেয়ারম্যানসহ ১৭ জন, বান্দরবানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রিটনসহ ১৫ জন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মামুনুর রশিদ মিঠুসহ সাতজন, পাবনার সাঁথিয়ায় ১৪ জন, হবিগঞ্জে জেলা কৃষক দলের সভাপতি মাহবুবসহ পাঁচজন, পটুয়াখালীর রাঙ্গাবালীতে চারজনসহ বিভিন্ন স্থান থেকে ৯২ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতার অধিকাংশই বিএনপির নেতা-কর্মী ও সমর্থক।