রাজধানীতে তিনদিনের কত্থক নৃত্য উত্সব শুরু

নূপুরের নিক্বণে মুখর হয়ে উঠেছে ছায়ানট। কত্থক নৃত্য সম্প্রদায়ের আয়োজনে গতকাল সোমবার শুরু হয়েছে তিনদিনের সপ্তম কত্থক নৃত্য উত্সব। সন্ধ্যায় উত্সবের উদ্বোধন করেন নৃত্য সারথী লায়লা হাসান। সেই সঙ্গে উত্সবে নৃত্যগুরু জীনাত জাহান স্মৃতি সম্মাননা পদক দেওয়া হয় নৃত্যগুরু বেলায়েত হোসেন খানকে। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন লায়লা হাসান, উত্তরীয় জড়িয়ে দেন নৃত্যশিল্পী মিনু হক।

এরপরে ছিল উদ্বোধনী আলোচনা। এতে বক্তব্য রাখেন নৃত্যসারথী লায়লা হাসান, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, নৃত্যালোকের পরিচালক কবিরুল ইসলাম রতন, নৃত্যশিল্পী দীপা খন্দকার ও বাফার সভাপতি হাসানুর রহমান বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন কত্থক নৃত্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক সাজু আহমেদ। প্লিত বিরজু মহারাজের নৃত্য অবলম্বনে সাজু আহমেদের নির্দেশনায়  ‘গুরু বন্দনা’ দিয়ে শুরু হয় উত্সবের নৃত্য পরিবেশনা।  আজ উত্সবের দ্বিতীয় দিনে সকাল দশটায় সেমিনার। বিষয়-জন্মশতবর্ষে বুলবুল চৌধুরী- জীবন ও সময়। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. শেখ মেহেদী হাসান। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় রয়েছে নৃত্যানুষ্ঠান।