টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মানব পাচারকারী নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুস ছালাম (৩০) নামে এক মানব পাচারকারী নিহত হয়েছেন। রবিবার উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সাগর পাড়ে এ ঘটনা ঘটে। সালাম উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার হাকিম আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালী পাড়া এলাকা দিয়ে সাগর পথে মানবপাচারের সংবাদ পেয়ে পুলিশ ঐ এলাকায় অভিযানে যায়। এ সময় মানব পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি ছোড়লে এক পর্যায়ে পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সালাম নামে গুলিবিদ্ধ এক পাচারকারীসহ একটি অস্ত্র, ছয় রাউন্ড কার্তুজ, নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়। সালামকে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরো জানান, তদন্তসাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।