ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৮৫৭ সালে ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মহাকবি কায়কোবাদ। আজ মহাকবির ১৬৩তম জন্মজয়ন্তী। কায়কোবাদ কবির সাহিত্যিক নাম হলেও তার প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী। ১৮৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ প্রকাশ হলে বাংলা সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়। ১৯০৪ সালে তার মহাকাব্য মহাশ্মশান প্রকাশ হলে তিনি মহাকবি উপাধি লাভ করেন। কবিতা লেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন আগলা ডাকঘরে চাকরি করেছেন। ১৯৩২ সালে কোলকাতাতে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন কায়কোবাদ। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। বাংলা কাব্য বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯২৫ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেন। ১৯৫১ সালের ২১ জুলাই মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের অন্যতম এই কবি।