গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) ও জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে গতকাল সোমবার একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম ও আকুজিকিন কোম্পানির প্রেসিডেন্ট ওশিহিরো ইয়ামাডা নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কে এম জহুরুল ইসলাম, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থানা কমিটির সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি করপোরেশনকে একটি অরগানিক ফোরটি মিনিটিস ডেমোনেস্ট্রেশন মেশিন (Orgabic 40 minutes demonstration Machine) অনুদান হিসেবে দিবে। এই মেশিনে বর্জ্য থেকে ৪০ মিনিটে ৬০ মেট্রিক টন জৈব সার উত্পাদন সম্ভব হবে। প্রথম মেশিনটি অনুদান হিসেবে দেওয়া হলেও পরবর্তীতে জাপান সরকারের অর্থায়ন প্রতিষ্ঠান ওডিএর অতি স্বল্প সুদে ঋণ নিয়ে ক্রয় করা হবে।