বহুল আলোচিত পি কে হালদারসহ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল)-এর সঙ্গে যুক্তদের পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ করার ওপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আনা আবেদনের ওপর আগামীকাল বুধবার আদেশ দেবেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আপিল বিভাগে আজ শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, এডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার তানজিব উল আলম। এছাড়া আদালত ইন্টারন্যাশনাল লিজি কম্পানিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া ইব্রাহিম খালেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শাহ আলমের বক্তব্য শুনেন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) স্বাধীন চেয়ারম্যান (হাইকোর্টের নির্দেশে নিয়োগপ্রাপ্ত) খোন্দকার ইব্রাহিম খালেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের নিচে নয় এমন একজন কর্মকর্তাকে আসতে বলেন আপিল বিভাগ।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যাস্তবিক পক্ষে অর্থনৈতিক অবস্থা কী রকম আছে, অবসায়ন হওয়ার মতো অবস্থায় আছে কি না, আর্থিক অনিয়ম হলে কোন পর্যায়ে আছে, অর্থনৈতিক অবস্থার বিষয়ে সামগ্রিক অবস্থা নিয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ বিষয়ে তারা আপিল বিভাগে আজ তাদের বক্তব্য তুলে ধরেন।
ইত্তেফাক/কেকে