মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ-মোয়াজ্জেম হোসেনের গাড়ি বহরে আবারও হামলা হয়েছে। এ সময় ৫টি গাড়ি ভাঙচুর ও ৪ জন বিএনপি কর্মী আহত হন। সোমবার দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের বড় পাউলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শাহ মোয়াজ্জেম হোসেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার এবং স্থানীয়ভাবে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চালানোর সময়ও শাহ মোয়াজ্জেমের গাড়ি বহরে হামলা হয়েছিল। এ ব্যাপারে সিরাজদিখান ও টঙ্গীবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশাদুজ্জামান জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।