সিলেটের অনুশীলন মাঠ নিয়ে অসন্তুষ্ট জেমি ডে

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে সিলেটের ভেন্যু নিয়ে সন্তুষ্ট নন। সেখানকার মাঠ খুব একটা ভালো না। আবার সিলেটে অনুশীলন মাঠও ভালো না। সিলেট জেলা স্টেডিয়ামে কোনো রকমে কাজ সেরে নেয়া গেলেও অনুশীলন সুবিধা নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই, এমনটাই মনে করছেন জেমি।

অথচ এই ভেন্যুতেই ২৬ মার্চ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচ হওয়ার কথা রয়েছে।

সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের খেলা হয়েছিল ২০১৮ সালে। সেবারের কথা মনে করে এবার জেমি সিলেটের কথা শুনে একটু দুর্ভাবনায় রয়েছেন। লন্ডনে ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা জেমি ডে সিলেটের ভেন্যুটির খোঁজ নিয়েছেন। ইচ্ছে ছিল নিজে গিয়ে ভেন্যু দেখবেন। কিন্তু সেখানে শেখ রাসেলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার থাকায় তার কাছ থেকে অনুশীলন মাঠের খোঁজ নিয়েছেন।

তাতে খুব একটা ভালো খবর পাননি জেমি। কারণ মাঠ ভালো না। জেমি বললেন,‘আমি যখন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সময় গিয়েছিলাম তখনো দেখি অনুশীলন মাঠের অবস্থা ভালো না। এবার ঢাকায় ফিরে সুুনলাম সিলেটে খেলা। কায়সারের কাছে খোঁজ নিয়েছিলাম। উন্নতি হয়নি।’

এ কারণে তিনি মনে করেন সিলেটে গিয়ে অনুশীলন সম্ভব না। যদিও সেরকমই কথা ছিল। জেমি বললেন, ‘আমি ঢাকায় অনুশীলন করে সিলেটে গিয়ে খেলতে চাই। ম্যাচের তিন দিন আগে সিলেটে যাবো। ম্যাচ খেলে সেখান থেকে কাতার চলে যেতে চাই।’

এরই মধ্যে ময়মনসিংহ গিয়ে একটা ম্যাচ দেখেছেন। লিগের খেলাগুলো দেখে খুব একটা মান উন্নত হয়েছে এমন কথা বলেননি জেমি। বললেন,‘গত মৌসুমের মতোই। তবে জাতীয় দলের একাধিক ফুটবলার বেঞ্চে বসে আছে যেটা আমার ভালো লাগেনি। যারা সুযোগ পেয়েছেন তারা মানসম্পন্ন কিছু করতে পারলে ভালো সুযোগ পাবে।’

গতকাল বিকালে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে জানালেন যে, তিনটি ম্যাচ রয়েছে সেখান থেকে অন্তত তিন চার পয়েন্ট তুলে নিতে চান তিনি। তাজিকিস্তানের মাঠে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ০-১ গোলে হেরেছিল। সেবার ভালো খেলেছিল। সুযোগও পেয়েছিল কিন্তু সুযোগ কাজে না লাগানোর ব্যর্থতা আর হারের গ্লানি নিয়ে ফিরতে হয়েছিল।

এবার ঘরের মাঠে খেলা। তাই সুযোগটা নিজেদের হাতে মনে করছেন কোচ। জেমি বললেন,‘আমাদের দুর্ভাগ্য তাজিকিস্তানের মাঠে ভালো খেলেও হেরেছিলাম। এখন আমাদের হোম ম্যাচ আমরা যদি ভালো খেলতে পারি পজিটিভ রেজাল্ট পাবো। হোম ম্যাচ তিনটা, ছয়-সাত জন খেলোয়াড়ের খেলা দেখেছেন কোচ। তাদের পর্যবেক্ষণ করছেন বলে জানালেন কোচ।

এদিকে জেমি আবারো লন্ডন যাচ্ছেন। এবার যাচ্ছেন উয়েফা প্রো লাইসেন্সের পরীক্ষা দিতে। যাবেন ২৮ ফেব্রুয়ারি, ফিরবেন ৪ মার্চ।