বেসরকারি টেলিভিশন ‘সময় টেলিভিশন’কে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় গতকাল সোমবার ডাকযোগে এ নোটিস দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর রাতে নেত্রকোনা-১ আসনের বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের মনোনীত প্রার্থী কায়সার কামালকে নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট, মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এ ধরনের সংবাদ প্রচারের ফলে তার রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তিকে খাটো করা হয়েছে। সত্যতা যাচাই ব্যতীত নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সংবাদ প্রচার পেশাগত নৈতিকতাবিরোধী। ফলে নোটিসপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সংবাদটি প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদি তা করা না হয় তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।