বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৪তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি নড়াইল সদর উপজেলার মহিষখোলা (বর্তমানে নূর মোহাম্মদ নগর) গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছা (মতান্তরে জেন্নাতা খানম)। তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের পক্ষ থেকে নড়াইলের নূর মোহাম্মদ নগরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।  নূর মোহাম্মদ, তিনি ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (বর্তমানে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’) যোগদান করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তে যুদ্ধ চলাকালীন তিনি মারা যান। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।