বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে মারপিটের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত হেরে যাওয়া প্রার্থী জুয়েল খানের দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলায় মঙ্গলবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ খ্রিষ্টাব্দে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আট দিন পর ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া অসুস্থ থাকায় তার খোঁজখবর নিতে গেলে জুয়েল খানের ওপর লোকজন দিয়ে হামলা করা হয়। আসামিপক্ষের আইনজীবী এম মুজিবুল হক কিসলু জানিয়েছেন, তার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তারা উচ্চ আদালতে আপিল করবেন।