প্রতিনিয়ত কর্মস্থলে দুর্ঘটনায় আহত-নিহত হচ্ছেন নির্মাণশ্রমিকরা। তাদের সামাজিক নিরাপত্তার জন্য পেনশন স্কিম, রেশনিং ব্যবস্থা, বিনামূল্যে চিকিত্সার জন্য সরকারি হাসপাতালে আলাদা ইউনিট স্থাপন করে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নির্মাণশ্রমিকরা। গতকাল মঙ্গলবার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা নির্মাণশ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনার আশাবাদ ব্যক্ত করে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, বিশেষ অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।
মোজাফ্ফর হোসেন পল্টু বলেন, এই সরকারের আমলেই নির্মাণশ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে। সহিদুল্লা চৌধুরী বলেন, বর্তমানে অপ্রাতিষ্ঠানিক খাতে শতকরা ৮৫ ভাগ শ্রমিক-কর্মচারী তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। তিনি শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানান।