ওদের পেশা রাজধানীসহ ঢাকার আশপাশ এলাকায় মাইক্রোবাস নিয়ে ওত পেতে থাকা। সুযোগ বুঝে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলা। এরপর নির্জন স্থানে নিয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অপরাধ কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস ও ৯টি ছিনতাইকৃত মোবাইল ফোন।
এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব বিভাগের মতিঝিল জোনাল টিম) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সোয়া ৫টার দিকে ফকিরাপুলের বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জ ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে ঐ চক্রের সদস্য জাকির হোসেন ও মফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের আরো কয়েকজন সহযোগী পালিয়ে যায়। যাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। তিনি বলেন, এই চক্রটি ঢাকা মহানগরসহ সাভার, হেমায়েতপুর, আশুলিয়া, নবীনগর, গাজীপুর, পূর্বাচল, ভূলতা, নারায়ণগঞ্জ ও চিটাগাং রোড এলাকায় অবস্থান করে। এরপর সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তাদের ব্যবহূত মাইক্রোবাসে তুলে নির্জন স্থানে নিয়ে তার সর্বস্ব নিয়ে এমনকি অনেক সময় তাদের জিম্মি করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।