লক্ষ্মীপুরে পাজেরো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুরে পাজেরো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হন। সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

লক্ষ্মীপুরে পাজেরো-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও শিশুসহ চার জন নিহত হয়েছেন। গতকাল লক্ষ্মীপুর সদর উপজেলার ঢাকা-রায়পুর মহাসড়কের বটতলী ও চরচামিতার মাঝামাঝি নার্সারি এলাকায় একটি ভাঙা জায়গায় দুই গাড়ির চালক নিজেদের গাড়ি রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক সুমন (২৭) লক্ষ্মীপুর উত্তর এলাকার বাসিন্দা। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে গতকাল ট্রাক চাপায় ফাহিমা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ফাহিমা উপজেলার সোনাপুর ইউনিয়নের খলিল মিঝিবাড়ির জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

জয়পুরহাট উপজেলার সমসাবাদ নামকস্থানে পাঁচবিবিতে বালুবোঝাই মেসি ট্রাক্টরের ধাক্কায় সমসাবাদ গ্রামের হবিবর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫০) নামে সাইকেল আরোহী নিহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় সোমবার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে চালক সেতু বিশ্বাস (৩২) নিহত হয়েছেন।

কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে সোমবার বাসচাপায় জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। জসিম উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর এলাকায় মঙ্গলবার ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান খান (৪৫) নামে এক মত্স্যচাষি নিহত হয়েছেন।

নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী বাজার এলাকায় গতকাল তুষবোঝায় ভুটভুটি উলটে মোস্তফা (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। মোস্তফা জেলার মান্দা উপজেলার সুটিরহাট মীরপুর এলাকার বাসিন্দা।

গাজীপুরের শ্রীপুর সাতখামাইর এলাকায় বরমী-মাওনা সংযোগ সড়কে ড্রামট্রাক চাপায় নাহিদ মোড়ল (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গাজীপুর টঙ্গীতে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার রাতে অজ্ঞাত গাড়ির চাপায় স্টেশন রোড এলাকায় মোহন শেখ (৪৫) ও  স্থানীয় টি এন্ড টি বাজার এলাকায় নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রবিন কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছে।

সরিষাবাড়ী-ভুয়াপুর-টাঙ্গাইল মহাসড়কের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কে ট্রাক চাপায় সাইকেল আরোহী খোকন মিয়া (২৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সিলেট-সুনামগঞ্জ সড়কে কাজীবাড়িসংলগ্ন এলাকায় ছাতকের বাগবাড়ী এলাকার মানিক লাল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার নান্দিনা গ্রামের আম্বিয়া খাতুন (৭০) এবং বাসের হেলপার শুকুর আলী (৩০)। গতকাল উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া মহাসড়কে বাসের চাপায় মোকাদ্দেস আলী (৩৫)।

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারে গতকাল দাখিল পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক প্রধান শিক্ষকসহ ছয় পরীক্ষার্থী আহত হয়েছেন।