পিলখানা বিদ্রোহে বেগম জিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন আছে :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পিলখানা বিদ্রোহে বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। এই রহস্য উন্মোচন হওয়া প্রয়োজন। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সম্মেলনকক্ষে টিভি নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘পিলখানা বিদ্রোহের দিন বেগম জিয়ার ভূমিকা নিয়ে নানা মহলের প্রশ্ন আছে। এ বিদ্রোহের পেছনে যারা কলকাঠি নেড়েছিল, তাদের বিচারের জন্য বেগম খালেদা জিয়াসহ সেসব বিষয় তদন্তের মাধ্যমে বের হয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এ বিদ্রোহ যেদিন হয়, সেদিন ভোরবেলা বেগম খালেদা জিয়া তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান। আর সেই রাতে এবং দিনে তিনি তারেক রহমানের সঙ্গে ৪০ বারের বেশি ফোনে কথা বলেন। এই রহস্য উন্মোচন হওয়া প্রয়োজন।’

তথ্যমন্ত্রী আরো বলেন, যথেচ্ছভাবে বিদেশি সিরিয়াল ডাবিং করে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারের মাধ্যমে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ রোধে আমরা একটি কমিটি করে দিয়েছি। বিদেশি শিল্পী দিয়ে নির্মিত বিজ্ঞাপন সম্প্রচারে অতিরিক্ত কর আরোপের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। ডিরেক্টরস গিল্ড সভাপতি সালাহউদ্দীন লাভলুর নেতৃত্বে সাধারণ সম্পাদক এস এ হক অলিক, সহসভাপতি শহীদ রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল হাসান প্রমুখ বৈঠকে যোগ দেন। এ সময় মন্ত্রীকে সম্মাননা স্মারক ও নতুন তথ্যসচিব কামরুন নাহারকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান তারা।