শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে পরপর দুই বারের বেশি কেউ থাকতে পারবে না

স্কুল, কলেজ ও মাদ্রাসার গর্ভনিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য পদে কোনো ব্যক্তি পরপর দুই বারের বেশি থাকতে পারবে না বলে অভিমত দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে একটি নীতিমালা তৈরির বিষয়টি বিবেচনা করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডকে বলেছে আদালত। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বৈধতাসংক্রান্ত রিট খারিজ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ অভিমত দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফুলগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন অভিভাবক সদস্য নুরুল হক। রিটে তিনি একই ব্যক্তি বা ব্যক্তিগণ ২০১৪ সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিকবার সভাপতি বা সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করেন। শুনানি নিয়ে হাইকোর্ট রিটটি খারিজ করে এ পর্যবেক্ষণ দেয়।