পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হয়নি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করি, যে বিচার হয়েছে তা সঠিক হয়নি। সেনাবাহিনী থেকে যে তদন্ত করা হয়েছিল, তার রিপোর্ট প্রকাশ করা হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে তাতে অভিযুক্তরা বলেছেন সঠিক বিচার হয়নি। তবে আমরা (বিএনপি) ক্ষমতা যাওয়ার সুযোগ পেলে অবশ্যই এর নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচারের উদ্যোগ নেব।
গতকাল বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের ১১তম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। শ্রদ্ধা নিবেদনে মহাসচিবের সঙ্গে ছিলেন কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক বিমানবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, অবসরপ্রাপ্ত কর্নেল মো. শাহজাহান, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর সারোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর কোহিনুর হোসেন নূর প্রমুখ।
বিএনপি মহাসচিব বলেন, ২০০৯ সাল দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটে। এই দিনের ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি আক্রমণ বলে মনে করি। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জাতীয় জীবনেও এর যথেষ্ট প্রভাব রয়েছে। আজকে আমরা দেখছি, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে। গণতন্ত্রকে হরণ করা হয়েছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে অন্তরীণ রাখা হয়েছে। যারা আজকের এই দিনে শহিদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।