বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১২ ফেব্রুয়ারি দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির সভায় সর্বসম্মতিক্রমে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইতিমধ্যে ঢাবি, বুয়েট, চবি ও রাবি সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না বলে জানিয়েছে।