বিকল্পধারার নির্বাচনী ইশতেহার ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করেছে মহাজোটের শরিক দল বিকল্পধারা বাংলাদেশ। গতকাল সোমবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে  ‘উন্নয়ন হোক তোমার হূিপণ্ড, গণতন্ত্র হোক তোমার আত্মা-জেগে ওঠো দুর্বার বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে প্রণীত ইশতেহার ঘোষণা করেন বিকল্পধারার প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। অনুষ্ঠানে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত ছিলেন।

ইশতেহার ঘোষণা করে বি. চৌধুরী বলেন, শুধু সংখ্যার ভিত্তিতে আমরা ভারসাম্যের রাজনীতির কথা বলিনি। এখনও বলি না। ভারসাম্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আনতে হবে। ভারসাম্য মন্ত্রিসভায়ও আনতে হবে (বিশেষজ্ঞ বিভাগগুলোতে টেকনোক্র্যাট নিযুক্তির সাহায্যে)। মহিলাদের সংখ্যা শতকরা ২০ ভাগ করে, কৃষক-শ্রমিক ও যুবশক্তি এবং সংখ্যালঘু সমপ্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভায় ভারসাম্য আনা যেতে পারে।

ঐক্যফ্রন্ট প্রার্থী ঢাকায় বসে মিথ্যাচার করছেন: মাহী

বিকল্পধারার ইশতেহার ঘোষণা শেষে একই স্থানে সংবাদ ব্রিফিং করেন মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী। একই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনকে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মাহী বলেন, তিনি শিষ্টাচার বহির্ভূত আচরণ করছেন।

মাহী বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ পরিবেশে চলছে। কোনো প্রার্থী বা তার লোকজনের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া বা কাউকে রিমান্ডে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এমনকি আমার গ্রামের বাড়িতে কয়েকদিন আগে ৪/৫ রাউন্ড গুলিবর্ষণ এবং আটপাড়া ও ভাগ্যকুলে ২টি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হলেও আমি বিএনপির কারও নামে মামলা  দেইনি। বরং অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাহী বলেন, শাহ মোয়াজ্জেম আমার বিরুদ্ধে বা মহাজোটের কোনও সমর্থকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারবেন না।