কোহলিকে হটালেন স্মিথ

উন্নতি ঘটেছে মুশফিক মুমিনুলেরও

g  স্পোর্টস ডেস্ক

বিরাট কোহলিকে হটিয়ে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটসম্যান হিসেবে উঠে এলেন অস্ট্রেলিয়ার রান মেশিন স্টিভেন স্মিথ। মূলত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ভালো করতে না পারার কারণেই তাকে জায়গাটি খোয়াতে হলো। গতকাল বুধবার প্রকাশিত এই তালিকায় উন্নতি ঘটেছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক এবং দুই বোলার নাঈম হাসান ও আবু জায়েদ রাহীরও।

মুশফিক ও মুমিনুল জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারানো মিরপুর টেস্টে যথাক্রমে অপরাজিত ২০৩  ও ১৩২ রান করেন। অপরদিকে নাঈম দুই ইনিংস মিলিয়ে ৯টি ও রাহী প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে অবদান রাখেন দলের জয়ে। এ সাফল্যের সুবাদে মুমিনুল ও বাংলাদেশ অধিনায়ক উভয়েই পাঁচ ধাপ করে ওপরে ওঠেন। মুশফিক ২৫ থেকে ২০ নম্বরে এবং ৪৪ থেকে ৩৯তম স্থানে উঠে এসেছেন মুমিনুল। নাঈম উইকেটগুলো নিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ৩৮ নম্বরে উঠে এসেছেন। রাহী উঠে এসেছেন ৪৬ নম্বরে। অবশ্য বোলারদের তালিকায় তাদের চাইতে ওপরে আছেন দুই স্পিনার তাইজুল ইসলাম (২৪তম) ও মেহেদি হাসান মিরাজ (২৫তম)।

এদিকে স্টিভেন স্মিথ ৯১১ পয়েন্ট পেয়ে এক নম্বরে উঠে এলেন। সর্বশেষ তালিকায় ৯০৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারত অধিনায়ক। কোহলি পাঁচ পয়েন্ট খুইয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি প্রথম ইনিংসে কেবল ২ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৩ বল খেলে করেন ১৯ রান।

ভারত এই টেস্টটিতে ১০ উইকেটে পরাজিত হয়। দুই  দেশের পরবর্তী টেস্ট হবে আগামী শনিবার, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এই তালিকায় অস্ট্রেলিয়ার আরেক রান মেশিন মার্নাস লেবুশেনকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। উইলিয়ামসন ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত প্রথম টেস্টে ৮৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেই তৃতীয় স্থান পুনরুদ্ধার করেন।