দুমড়েমুচড়ে গেল ট্রাক, অল্পে রক্ষা পেল ট্রেন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুরের তেরিয়াপাড়া রেল স্টেশনে বুধবার সকালে সিলেটগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে  ট্রাকের সংঘর্ষে একজন আহত হয়েছে। অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকজন।

স্থানীয় লোকজন জানান, বুধবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলক্রসিংয়ে গেট ভাঙা থাকায় রেললাইনের ওপর একটি ট্রাক উলটে পড়ে। এ সময় সুরমা এক্সপ্রেস ট্রেন চলে এলে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ  ঘটে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি পাশের একটি দোকানে ছিটকে পড়ে। এ সময় দোকানে কেউ না থাকায় মারাত্মক দুর্ঘটনা ঘটেনি। ট্রাকচালক সেলিম মিয়াকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ দুর্ঘটনায়  মহাসড়কের উভয় পাশে  শত শত যানবাহন আটকা পড়ে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা জানান, রেল গেট নষ্ট থাকায় ট্রাক চালক বুঝতে পারেনি ট্রেন আসছে।  ট্রাকটি সরানোর পর রেলপথ ও সড়কপথে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।