পার্ক রোড এখন ‘কিং নরোদম সিহানুক সড়ক’

ইত্তেফাক রিপোর্ট

বারিধারার কূটনৈতিক জোনের ‘পার্ক রোড’ এর নাম পরিবর্তন করে কম্বোডিয়ার স্থপতি প্রয়াত রাজা ‘নরোদম সিহানুক’ এর নামে নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ ও কম্বোডিয়া দুই বন্ধুপ্রতিম দেশ। আমাদের দেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়া ভ্রমণের সময় কম্বোডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং ঢাকায় কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে একটি করে সড়ক নামকরণ করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তই আজ বাস্তবায়ন হলো। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন এটি।  অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী এপ্রিলে কম্বোডিয়ার রাজধানী নমপেনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সড়কের উদ্বোধন করা হবে।