যুব মহিলা লীগের অপকর্মে জড়িতদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যুব মহিলা লীগের কারা অপকর্মে জড়িত তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়াকে নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে গতকাল বুধবার দুপুরে সংগঠনটির দুই শীর্ষ নেত্রী সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

সাক্ষাতের পর সংগঠনের সভাপতি নাজমা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সারাদেশে যুব মহিলা লীগের অপকর্মে জড়িত নেতাকর্মীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। গোয়েন্দা রিপোর্ট দেখে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে বলেছেন বলে জানান নাজমা আক্তার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সংগঠনটির সাধারণ সম্পাদক অপু উকিলও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাদক, অস্ত্র চোরাচালান, জমি দখল ও হোটেলে নারীদের দিয়ে যৌন বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে শনিবার ঢাকা বিমানবন্দর থেকে পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে সুমন চৌধুরী এবং তাদের দুই সহযোগীকে গ্রেফতার করে র্যাব।