রামগড়ে আওয়ামী লীগ নেত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ের মাহবুবনগর এলাকা থেকে ফাতেমা বেগম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেত্রীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে রামগড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

ফাতেমা গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন মহিলা আওয়ালীগের সভানেত্রী ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্যা। তিনি স্বামী পরিত্যক্তা ও দুই সন্তানের জননী বলে জানা গেছে।

পু্লিশ জানায়, সোমবার বিকালে উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর এলাকায় একটি সেগুন বাগানে শুকনো পাতায় ঢাকা অবস্থায় ফাতেমার মৃত দেহের সন্ধান  পাওয়া যায়। স্থানীয় শিশুরা বিকালে ক্রিকেট খেলার বল খোঁজার এক পর্যায়ে সেগুন গাছের ঝরে পড়া শুকনো পাতায় ঢাকা গলিত লাশ দেখতে পেয়ে অভিভাবকদের জানায়। পরে খবর পেয়ে  রামগড় থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ এসে লাশটি  উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ফাতেমা নিখোঁজ হন। সোমবার মাহবুবনগরের সেগুন বাগান থেকে লাশটি উদ্ধারের পর নিহত ফাতেমার ছেলে শাহজাহান এটি তার নিখোঁজ মায়ের লাশ বলে শনাক্ত করে।

আরো পড়ুন: খাগড়াছড়িতে চাচার পরিবর্ততে ভাতিজা বিএনপির প্রার্থী

রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ফাতেমার লাশটি প্রায় পচে-গলে গেছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/মোস্তাফিজ