তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন মাতুব্বর (৪৫) নামে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার মজুমদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের আমির মাতুব্বরের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলা মজুমদার কান্দি গ্রামে বৃহস্পতিবার বিকালে কয়েক শিশু দুষ্টুমি করছিল। এসময় লিটন মাতুব্বর শিশুদের নিয়ন্ত্রণ করতে না পেরে এক শিশুকে থাপ্পড় মারে। এসময় পাশে থাকা এক নারী এর প্রতিবাদ জানায় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে লিটন ওই নারীকে থাপ্পড় দেয়। এদৃশ্য ওই নারীর ছেলে মনি মাতুব্বর দেখতে পেয়ে মায়ের থাপ্পড়ের প্রতিশোধ নিতে লিটনকে পিটিয়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় লিটনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

আরো পড়ুন: কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা দিল ভারত

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে জানান, এখনো মামলা দায়ের হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পর হত্যাকাণ্ডের সাথে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

ইত্তেফাক/এএএম