সিলেট অফিস
টেস্ট ম্যাচের সুখকর স্মৃতি নিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেন মুশফিকরা। তবে দলের সঙ্গে সিলেট আসেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। আজ সকালে সিলেট আসার কথা এই দুই জনের।
এর আগে দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জিম্বাবুয়ে দল। দুই দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন সংসদ সদস্য শামীমা শাহারিয়ার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজকসহ ক্রীড়া সংগঠকরা।
আগামী রবিবার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ৩ ও ৬ মার্চ হবে পরের ম্যাচ দুটি। প্রতিটি ম্যাচই দিবারাত্রির।
এই সিরিজই মাশরাফির শেষ সিরিজ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন। যদিও মাশরাফির পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু খোলাসা করা হয়নি।