স্পোর্টস ডেস্ক
‘৭৫ মিনিট পর্যন্ত ভালোই খেলছিলাম আমরা। এমন কঠিন ম্যাচের আরো ১০ মিনিট মনোযোগী হওয়া উচিত ছিল আমাদের। কিন্তু তা না করায় মাসুল দিতে হয়েছে আমাদের। এই হারে বিরক্ত আমরা। কিন্তু লড়াইটা ১৮০ মিনিটের।’
গোলশূন্য প্রথমার্ধের পর রিয়াল মাদ্রিদ এগিয়েই গিয়েছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তবে শেষ দশ মিনিটের ঝড়ে ২-১ ব্যবধানে হেরে এখন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ফিরতি লেগের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে রিয়ালকে।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে শুরু থেকেই দাপট ছিল রিয়াল মাদ্রিদের। তবে ফরোয়ার্ডদের ছন্দহীনতা আর সিটি রক্ষণের দক্ষতায় মাঝ মাঠের দখলটাকে এ সময় গোলে রূপ দিতে পারেনি স্বাগতিকরা। তবে জিদানের শিষ্যরা এ খরা কাটালো দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটে সিটি রক্ষণের ভুলে বক্সে ঢুকে পড়া ভিনিসিয়াসের পাস থেকে গোল করেন ইস্কো।
শেষ দিকে একটু যেন মনোসংযোগে ঘাটতি পড়ল রিয়ালের, তাতে ম্যাচের লাগামটাও হলো হাতছাড়া। ৭৯ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রসে মাথা ছুইয়ে সিটিকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল জেসাস। এর ঠিক চার মিনিট পর বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে বসেন দানি কারভাহাল। সফল স্পটকিকে সিটিকে ২-১ গোলের জয় এনে দেন ডি ব্রুইন। এরপর সার্জিও রামোসের লাল কার্ড রিয়ালের দুর্দশা বাড়ায় আরো। এর ফলে অন্তত সিটির মাঠে পরের লেগে স্প্যানিশ ডিফেন্ডারকে পাবেন না রিয়াল কোচ জিনেদিন জিদান।
ম্যাচের একটা বড়ো সময় আধিপত্য বিস্তার করলেও শেষের ‘অমনোযোগিতায়’ জয়টা হাতছাড়া হয়েছে, অভিমত রিয়াল কোচ জিদানের। তিনি বলেন, ‘৭৫ মিনিট পর্যন্ত ভালোই খেলছিলাম আমরা। এমন কঠিন ম্যাচের আরো ১০ মিনিট মনোযোগী হওয়া উচিত ছিল আমাদের। কিন্তু তা না করায় মাসুল দিতে হয়েছে আমাদের। এই হারে বিরক্ত আমরা। কিন্তু লড়াইটা ১৮০ মিনিটের।’
এদিকে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর পেপ গার্দিওলার কাছে স্পেনের মাটি রীতিমতো অভেদ্য দুর্গই হয়ে দাঁড়িয়েছিল। বায়ার্নের হয়ে তিনবার স্পেনে এসে হেরে ফিরতে হয়েছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে। সে গেরো এবার খুললেন সিটি কোচ।
এদিন বার্নাব্যুতে ষষ্ঠ ও রিয়ালের বিপক্ষে সব মিলিয়ে দশম জয়টি পান গার্দিওলা।
সিটি এর আগে চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে ডায়নামো কিয়েভ, এফসি বাসেল আর শালকের মাঠে জিতলেও বড়ো ইউরোপীয় দলের বিপক্ষে জয়টা অধরাই ছিল তাদের। রিয়ালের মাঠে জয় দূর করেছে সে খরাও। জিদানের দলের বিপক্ষে জয়টিই তাদের ইতিহাসে প্রথম কোনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলের বিপক্ষে অ্যাওয়ে জয়।
এমন কীর্তির ফলে স্বভাবতই উচ্ছ্বসিত সিটি কোচ, ‘বার্নাব্যুতে জেতাটা আমাদের জন্যে অনেক বেশি সন্তুষ্টির। এটা দারুণ কেননা আমরা এমন কিছুতে অভ্যস্ত নই।’ তবে পরের লেগ নিয়ে যথেষ্ট সতর্ক স্প্যানিশ এই কোচ। গার্দিওলার ভাষ্য, ‘এটা কেবলই প্রথম পর্ব, তিন পয়েন্ট জেতার মতো ব্যাপার নয় মোটেও! যদি কোনো দল এই অবস্থা থেকে ফিরে আসতে পারে সেটা এই দলটাই, সেটা অভিজ্ঞতার জন্যেই হোক কিংবা যে কোনো কিছুর জন্যই হোক।’
রিয়াল মাদ্রিদ ১
১ লিওঁ
ম্যানচেস্টার সিটি ২
০ জুভেন্তাস