উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়
স্পোর্টস রিপোর্টার
মাঝে একটা ভয়ানক বৃত্তে ঢুকে গিয়েছিল শ্রীলঙ্কা। খারাপ সময়ের সেই বৃত্ত থেকে বেরিয়ে অবশেষে ওয়েস্টন ইন্ডিজের বিপক্ষে হাতে এক ম্যাচ রেখেই ওয়ানডে সিরিজ জিতল স্বাগতিকরা। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ১৬১ রানে হারিয়েছে উইন্ডিজকে। এই জয়ের পর দলটির অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেছেন, তারা পরের ম্যাচেও এই ধরনের পারফরম্যান্স করতে চান।
আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩৪৫ রান করে। মাত্র ৯ রানে হারিয়েছিল তারা দুই উইকেট। শেলডন কটরেল ফিরিয়ে ছিলেন করুনারত্নে ও কুশল পেরেরাকে। এরপর আভিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস অবিশ্বাস্য একটা জুটি করেন। দুই জনই সেঞ্চুরি করেছেন। আভিষ্কা ১২৭ ও কুশল ১১৯ রান করেন। এরপর থিসারা ৩৬ রান করেন। কটরেল নেন ৪ উইকেট।
জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজ বড়ো কোনো জুটি পায়নি। সেই হোপ ৫১ রান করলেও বাকিরা তেমন কিছু করতে পারেননি। ফলে ১৮৪ রানে অলআউট হয়ে যায় তারা। ম্যাচ শেষে করুনারত্নে সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তারা হূদয় দিয়ে খেলেছে। কুশল ও আভিষ্কা যেভাবে ব্যাট করেছে, যে নিবিড়তা দেখিয়েছে, সেটাই আমি দলের কাছ থেকে চাচ্ছিলাম। আমি চাই তারা যেনো আত্মবিশ্বাসী থাকে এবং নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে। গত কয়েক বছর ওয়ানডেতে আমরা এই খেলাটা খেলতে পারিনি। আমি আশা করি, আগামী ম্যাচটাতেও আমরা এরপর খেলতে পারব।’