কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা
আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে নেত্রকোনার কলমাকান্দায় রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উপজেলার পাঁচ শতাধিক রবিশস্য কৃষক পরিবার।
স্থানীয় কৃষক রোকন উদ্দিন বলেন, বাজারে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হয়ে এবছর অধিক লাভের আশায় আমি প্রায় তিন একর জমিতে সাড়ে ৯ লাখ টাকা ব্যয়ে রবিশস্য চালকুমড়া, মিষ্টি লাউ, করলা আবাদ করেছি। শিলাবৃষ্টির কারণে এখন পথে বসে গেলাম। স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডের নলছাপ্রা, কুয়ারপুর, বেলুয়াতলি এলাকায় প্রায় ২৫টি কৃষি পরিবার শতাধিক একরে রবিশস্য চাষাবাদ শুরু করেন। আকস্মিক শিলাবৃষ্টিতে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ জানিয়েছেন, উপজেলায় শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা, কুয়ারপুর, বেলুয়াতলি, রহিমপুর, রামপুরসহ প্রায় ৭০ জন কৃষক। এছাড়াও লেংগুরা, খারনৈ, রংছাতি ও কলমাকান্দা সদর ইউনিয়নে রবিশস্য কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০০ একর রবিশস্য ফলন বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক পরিবার। ক্ষয়ক্ষতি নিয়ে মাঠে জরিপের কাজ চলছে।
এদিকে নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, শিলা ঝড় হলেও বোরোর চারার তেমন ক্ষতি হয়নি। তবে সারা জেলায় খোঁজখবর নেওয়া হচ্ছে।