সংবাদ সংক্ষেপ

উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খননকাজ উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি নরসিংদীর বেলাবতে উয়ারী-বটেশ্বরে বুধবার বিকালে প্রত্নতাত্ত্বিক এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আমলাব ইউনিয়নের উয়ারী গ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্য অন্বেষণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নূহ-উল আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া।

নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীন মেলা

পরশুরাম (ফেনী) সংবাদদাতা নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সেলিম আল দীন স্মরণে আগামী ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘সেলিম আল দীন মেলা-২০২০’ অনুষ্ঠিত হবে। তার জন্মভূম সোনাগাজীর মংগলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষ্যে গতকাল ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেলিম আল দীন মেলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার এবং কমিটির যুগ্ম আহ্বায়ক ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব এই মেলার বিভিন্ন দিক তুলে ধরেন।

স্বাভাবিক প্রসব সেবাবিষয়ক অবহিতকরণ কর্মশালা

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে বৃহস্পতিবার স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা প্রদান বিষয়ক এই অবহিতকরণ কর্মশালা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তরের এমসিএইচ সার্ভিসের পরিচালক ডা. মোহাম্মদ শরিফ।

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা কালীগঞ্জে বৃহস্পতিবার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন করা হয়। এসময় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ৩৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে একটি গাভি, ১০০ কেজি চাল ও নগদ ৪ হাজার ৫০০ টাকা করে বিতরণ করেন জেলা প্রশাসক আবু জাফর।

কুড়িগ্রামে দুই দিনব্যাপী জাতীয় ভাওয়াইয়া উত্সব

কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে দুই দিনব্যাপী জাতীয় ভাওয়াইয়া উত্সব চলছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে উত্সবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী ভাওয়াইয়া উত্সবে বাংলাদেশ ও ভারতের ভাওয়াইয়া শিল্পীরা পরিবেশন করবেন মাটি ও মানুষের প্রাণের গান ভাওয়াইয়া গান। উত্সব উপলক্ষ্যে লোকজ ও হস্তশিল্প সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. বদরুল আলম ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রমুখ।

‘করোনা ভাইরাস প্রতিরোধ’ শীর্ষক সেমিনার

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে বুধবার রাতে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি রেস্টুরেন্টে ইনসেপ্টা কোম্পানির প্যান্টোনিক্সের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখা। বিএমএ জেলা শাখার সভাপতি ডা. এ বি এম সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন।

সুনামগঞ্জে তথ্যমেলা উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে বৃহস্পতিবার তথ্যমেলা উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটির সনাকের সহযোগিতায় পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেল মাহমুদ প্রমুখ।

বিভিন্ন ফসলের ফলন পার্থক্য কমানোবিষয়ক প্রশিক্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে বৃহস্পতিবার আসন্ন খরিপ-১ মৌসুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাতসমূহের ফলন পার্থক্য কমানোবিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. বেলাল হোসেন। এতে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ, সৈয়দ ইসতিয়াক আকতার প্রমুখ বক্তব্য রাখেন।

নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতীতে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের উদ্যোগে উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন।

রংপুরে ঘাঘট নদীর ভাঙন পরিদর্শনে সিটি মেয়র

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর মহানগরীতে ঘাঘট নদীর ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন রোধে এবং বাঁধ সংস্কারের লক্ষ্যে বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহাবুব মোর্শেদ শামিম, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুন নাহার নাজমা, ৩২ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, ৩৩ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি আবু তালেব প্রমুখ।

 

 

০