ইত্তেফাক রিপোর্ট
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বেলা ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের দেখতে ও সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে হাসপাতালে যান ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ।
অধ্যক্ষ নেহাল আহমেদ বলেন, আমি একটি মিটিংয়ে ছিলাম। খবর শুনে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাই। দেখলাম আমার কলেজের পাঁচ ছাত্র আহত হয়েছে। এর মধ্যে এক জন চিকিত্সা নিয়ে বাসায় চলে গেছে। আর তিন জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। আরেকজনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে শুনলাম, কলেজ ছুটি হওয়ার পর ছাত্ররা বাসায় ফিরছিল। তখন সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ছুরিকাঘাত করে।