বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বিনিয়োগ করবে টেকনো ও ভিকার

ইত্তেফাক রিপোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (মিরসরাই, ফেনী এবং সীতাকুন্ড) বিনিয়োগ করবে টেকনো ইলেকট্রিক্যাল লিমিটেড ও ভিকার ইলেকট্রিক্যাল লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমির ইজারা চুক্তি সই হয়েছে। বেজার নির্বাহী সদস্য হারুনুর রশীদ, টেকনো ইলেকট্রিক্যাল লিমিটেডের চেয়ারম্যান জেড এম শফিউদ্দীন এবং ভিকার ইলেকট্রিক্যালস লিমিটেডের সিইও মো.আলামিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল  বেজা কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এস কিউ গ্রুপের অধীন টেকনো ইলেকট্রিক্যাল লিমিটেড ও ভিকার ইলেকট্রিক্যাল লিমিটেড ১০ একর করে ২০ একর জমিতে বিনিয়োগ করবে। টেকনো ইলেকট্রিক্যাল লিমিটেড দেড় কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিষ্ঠানটি ভূ-গর্ভস্থ বিদ্যুত্ সরবরাহের জন্য কেবল প্রস্তুত করবে যা আমদানি বিকল্প হিসেবে বাজারে কাজ করবে।

এ প্রতিষ্ঠানে প্রায় ৪০০ কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে। ভিকার ইলেকট্রিক্যাল লিমিটেড প্রায় ২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটিও বিদ্যুত্ সরবরাহের ট্রান্সমিশন লাইনের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট প্রস্তুত করবে। 

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, শিল্প স্থাপন করেই বেজা ক্ষান্ত নয়, এ বিশাল আয়তনের শিল্প নগরের জন্য খাতভিত্তিক প্রয়োজনীয় দক্ষ মানবশক্তি গড়ে তোলার লক্ষ্যে বেজা বিভিন্ন প্রশিক্ষণ সংস্থার সঙ্গে নিয়মিত কাজ করছে।