বঙ্গবন্ধুর জন্মশত-বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি করার সমালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা একটি রাজনৈতিক নির্দেশনা নিয়ে চলি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ করে দিয়েছেন—সেই নীতিমালা অনুসরণ করেই আমরা চলছি। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের শফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) এর সমাপনী কুচকাওয়াজ এবং নবসৃজিত আনসার গার্ড ব্যাটালিয়ন এর ‘ফ্ল্যাগ রেইজিং’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশ এবং বিদেশ থেকে আগত ভিআইপিদের অধিক নিরাপত্তা দেওয়ার জন্য আনসার ব্যাটালিয়নের নতুন আনসার ব্যাটালিয়ন সৃজন করা হয়েছে। মন্ত্রী এর আগে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও ফ্ল্যাগ রেইজিং অনুষ্ঠান উদ্বোধন করেন এবং সাধারণ আনসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিন কৃতী প্রশিক্ষণার্থীকে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহেদ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।